পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে আটক করেছে দুবাই পুলিশ। দুদকের একটি মামলায় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা।
পুলিশ কর্মকতারা জানান, দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। গত ১২ জুন দুবাইয়ের ইন্টারপোল অফিস থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আটকের কথা জানানো হয়।
দুবাইয়ের একটি সূত্র জানায়, গত ১২ জুন তিনি দুবাইতে আসেন। পরে সেখানে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজ রোববার সকালে বিশ্বস্ত সূত্রে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে আটকের বিষয়টি সমকাল জানতে পারে। এই খবর জানার পর পর্যায়ক্রমে পুলিশ সদর দপ্তরের দুইজন অতিরিক্ত আইজিপি, একজন ডিআইজি ও একজন এআইজিকে ফোন করে তার আটকের বিষয়ে জানতে চাওয়া হয়। তারা প্রত্যেকে বেনজির আহমেদের আটকের কথা নিশ্চিত করেন। তবে আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য দিতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত ১২ জুন দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে একটা চিঠি এসেছে। তাতে বলা হয়েছে, বেনজির আহমেদ দুবাই পুলিশের হাতে আটক হয়েছেন। অপর একজন কর্মকর্তা বলেন, দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারপোলের মাধ্যমে বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর প্রেক্ষিতে দুবাই পুলিশ তাকে আটক করে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, বেনজির আহমেদকে আটকের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।




