রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘর থেকে আব্দুল মাজিদ (৫২) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত আব্দুল মাজিদ উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের মৃত সাক্কা শেখের ছেলে।
তিনি কৃষিকাজের পাশাপাশি দিনমজুরি করতেন। স্থানীয় সূত্র ও পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি নানা মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক অস্বচ্ছলতা ও স্বাস্থ্যগত কারণে মাঝেমধ্যেই হতাশায় ভুগতেন বলেও জানায় প্রতিবেশীরা।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে তার স্ত্রী জেলহা বেগম গরুকে খাবার দিতে বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর ধন্নার সঙ্গে স্বামী আব্দুল মাজিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বকশীগঞ্জ থানার আওতাধীন কামালেরবাত্তি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। বিষয়টি প্রাথমিকভাবে ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা হিসেবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




