এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শেরপুর প্রতিনিধি
শেরপুরের গারো পাহাড় এলাকার বনাঞ্চলে বন্য হাতিকে বিরক্ত না করার জন্য কনটেন্ট ক্রিয়েটর ও স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম।
মঙ্গলবার (২১ এপ্রিল) জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জ অফিস প্রাঙ্গণে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের মাঝে ৮ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, কনটেন্ট তৈরির উদ্দেশ্যে কিছু ব্যক্তি হাতির খুব কাছে গিয়ে ভিডিও ধারণ করেন কিংবা হাতিকে উসকানি দেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন আচরণে হাতি উত্তেজিত হয়ে প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের দুর্ভোগের কথা তুলে ধরে জানান, বন্য হাতির আক্রমণে ফসল নষ্ট হয়েছে এবং ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান।
বন বিভাগ জানায়, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার গারো পাহাড় এলাকায় বন্য হাতির চলাচলের পথ সংকুচিত হওয়া এবং খাদ্য সংকটের কারণে প্রায়ই হাতি লোকালয়ে প্রবেশ করছে। এতে ফসলহানি ও বসতবাড়ির ক্ষয়ক্ষতি ঘটছে।
বন বিভাগ আরও জানায়, মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, ক্ষতিপূরণ প্রদান এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য এবং স্থানীয় বনকর্মীরা।




