এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে সজিব মিয়া (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ২৫ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটের আমিনুলের চায়ের দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে ঐ মাদক কারবারিকে গ্রেপ্তর করা হয়। শুক্রবার দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলমের দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ হাবিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় তার দেহ তল্লাশি করে ১০ পিছ ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তারকৃত সজীব মিয়া উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা দড়িপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে নিয়মিত মামলায় শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও জুয়ার সাথে কোনো আপোষ না। কাজেই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




