এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচীর আওতায় শেরপুরের শ্রীবরদীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুরে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে বিআরডিবি হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এসময় তিনি বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুনগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার কংগ্রেসের সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাহ উদ্দিন কায়সার, শেরপুরের জেলা প্রশিক্ষণ অফিসার শোয়েব আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল প্রমুখ। এসময় কৃষি অফিসের কর্মকর্তা, প্রশিক্ষিত কৃষক সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




