এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আনোয়ার হোসেন ওরফে কাজী (৫৫) ও তার শ্যালক মোঃ জরিপ উদ্দিন (৩০) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে কাজী (৫৫) রুপারপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও মোঃ জরিপ উদ্দিন (৩০) একই গ্রামের মোঃ বাবর আলীর ছেলে।
স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী শিশুটি (১২) গত ৭ সেপ্টেম্বর রবিবার বিকালে তাদের বাড়ি পাশে রুপারপাড়া বাজার থেকে কিছু খাবার জিনিস নিয়ে বাড়িতে আসতে থাকে। শিশুটি রুপারপাড়া বাজার থেকে পাঁকা রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার পথে আনোয়ার হোসেন ওরফে কাজীর বাড়ির সামনে পৌছলে প্রতিবন্ধী শিশুটিকে আনোয়ার হোসেন ওরফে কাজী তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে কাজী পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পিতা আইনের আশ্রয় নিতে চাইলে কাজীর শ্যালক মোঃ জরিপ উদ্দিন শিশুটির পিতা ও বাবুল নামে আরেকজনকে মারপিট করে। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে প্রতিবন্ধী শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে শ্রীবরদী থানা পুলিশ কাজী ও মোঃ জরিপ উদ্দিন কে গ্রেফতার করে। এ ঘটনায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার জাহিদ বলেন, এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরের আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।




