এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেলায় বাসচাপায় আবদুল কাদির নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল কাদির (৫৬) নকলা উপজেলার ১ নং গনপদ্দি ইউনিয়নের মৃত আব্দুল্লাহর ছেলে ।
স্থানীয়রা জানান, বাসচালক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে চলন্ত গাড়িতে মারামারি চলছিল।
এসময় ওই বাসটি রাস্তার পাশে দাঁড়ানো আবদুল কাদিরকে চাপা দেয়।
নকলা ট্রাফিক পুলিশের এএসআই হানিফ উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার স্থান থেকে বাসচালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে নকলা থানা নেওয়া হয়েছে।
নিহতের সহকর্মী মৌসুমি বেগম জানান, দুর্ঘটনার পর কাদিরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার কর্মকর্তা ছিলেন।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপন চন্দ্র গোপ জানান, ঢাকা টু শেরপুর মহাসড়কে আজ নকলা হাসপাতাল মোড়ে দুর্ঘটনায় জড়িত বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




