এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন শুক্রবার দুপুরে মাদকবিরোধী র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রজনীগন্ধায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপারের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার মিজ্ নাসরিন আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ কাওসারুল হাসান রনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোঃ জহুরুল ইসলাম, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শেরপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘সজন’-এর চেয়ারম্যান জনাব মেহের খান অপু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মাদকবিরোধী তরুণসমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিক, সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভায় মাদকের বিস্তারের মূল কারণ চিহ্নিতকরণ, মাদকের প্রবেশপথে নজরদারি জোরদার, ব্যক্তি, পরিবার ও সমাজের সকল স্তরে মাদক গ্রহণ ও বিপণনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, মাদক কারবারি ও মাদকসেবীদের সামাজিকভাবে নিরুৎসাহিত করা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শেরপুরকে মাদকমুক্ত করার লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




