ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া টু সাইনবোর্ড লিংক রোডের এসপি অফিসের সামনে থেকে চানমারী মাইক্রোস্ট্যান্ড পর্যন্ত প্রধান সড়কে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ফেলে যাওয়া ময়লা-আবর্জনার স্তূপ ফের পরিষ্কার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে আজ ৬ অক্টোবর (মঙ্গলবার) পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এর আগেও একই সড়কের বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে পরিবেশের ভারসাম্য নষ্ট ও তীব্র দুর্গন্ধে জনদুর্ভোগ সৃষ্টি হলে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অভিযান পরিচালনা করে রাস্তাটি পরিষ্কার করা হয়েছিল। তখন কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে কেউ রাস্তায় ময়লা না ফেলে, ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই নির্দেশনা অমান্য করে কে বা কাহারা ফের এসপি অফিস থেকে চানমারী মাইক্রো স্ট্যান্ড পর্যন্ত মেইন সড়কে ময়লা-আবর্জনা ফেলে যায়। এতে পথচারী ও যাত্রীবাহী গাড়ির যাত্রীদের তীব্র দুর্গন্ধের মধ্যে চলাচল করতে হচ্ছিল।
বিষয়টি নজরে আসলে গতকাল জেলা প্রশাসক সদর উপজেলার ইউএনওকে পুনরায় পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ দেন। তারই আলোকে আজ সকাল থেকে অভিযান চালিয়ে সম্পূর্ণ রাস্তাটি পরিষ্কার করা হয়।
এ সময় স্থানীয় এলাকাবাসী বলেন, রাতের আঁধারে কে বা কারা এখানে ময়লা ফেলে যায়। মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ভবিষ্যতে যারা এমন কাজ করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানাই।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার। এসপি অফিসের সামনের প্রধান সড়কে বারবার ময়লা ফেলা অত্যন্ত দুঃখজনক এবং এটি দণ্ডনীয় অপরাধ। আমরা ইতোমধ্যে রাস্তাটি পরিষ্কার করেছি। সকলকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করছি। এরপরও যদি কেউ রাতের আঁধারে বা দিনে এখানে ময়লা ফেলে, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরকে পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা আজ এসপি অফিস থেকে চানমারী মাইক্রোস্ট্যান্ড পর্যন্ত সম্পূর্ণ রাস্তা পরিষ্কার করেছি। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে ময়লা ফেলার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করব। নাগরিকদের প্রতি আহ্বান, আপনারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, রাস্তায় নয়। আসুন, আমরা সকলে মিলে পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলি।




