বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার জেলেপাড়া এলাকা থেকে স্থানীয় আওয়ামী লীগের অনুসারী ও প্রভাবশালী দুই ক্যাডার শিবু ও মনা দাসের অন্যতম সহযোগী অনিল চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার সময় পাগলা বাজার এলাকায় ফতুল্লা মডেল থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত অনিল চন্দ্র দাসের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে বিতর্কিত ভূমিকার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য ও ‘গডফাদার’ শামীম ওসমানসহ স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সাথে প্রকাশ্য সখ্য ও বিভিন্ন সময় দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। শামীম ওসমান ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা অপরাধের সাথে যুক্ত থাকার প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




