নারায়ণগঞ্জের ফতুল্লায় ডালবাহী ট্রাক ডাকাতির সময় একটি হায়েস মাইক্রোবাসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মাইক্রোচালক সোহেল (৩৫) ও ডাকাত দলের সদস্য ফয়সাল বেপারী (৩৮)।
ফতুল্লার পাগলা এলাকায় শুক্রবার রাতের এ ঘটনায় শনিবার রাতে ডালবাহী ট্রাকের মালিক ওয়াহিদ মোল্লা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুকসুদপুর টেকের হাট শান্তিপুর এলাকার একটি মিল থেকে ‘ক্যাঙ্গারু’ মার্কার ৬’শ বস্তা মুসুর ডাল নিয়ে ট্রাক (ঢাকা মেট্রো–ট ১৬–৬৬৪৭) চালক সুজন ও হেলপার সরোয়ার আলম সাভারের গাজিন্দা এলাকার উদ্দেশ্যে রওনা হন।
শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পৌঁছালে একটি কালো রঙের হায়েস মাইক্রোবাস ট্রাকটির পিছু নেয়। একপর্যায়ে ডাকাত দল ট্রাকটি আটক করে ফতুল্লার পাগলা এলাকায় নিয়ে আসে। এসময় ট্রাক চালক পুলিশ দেখে চিৎকার করলে পুলিশ ট্রাক ও মাইক্রোবাসটির পিছু নেয়।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ মাইক্রোবাসসহ দুইজনকে আটক করে। এসময় ডালভর্তি ট্রাকটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার বিকেলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ডালবাহী ট্রাকটি ডাকাতদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।




