নারায়ণগঞ্জ ফতুল্লায় পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আনোয়ারকে (৪৮) আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ফতুল্লার পশ্চিম তল্লা জসিম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। আটক আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
সূত্র জানায়, ভুক্তভোগী শিশুর পরিবার ও অভিযুক্ত আনোয়ারের পরিবার ফতুল্লায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
শিশুটির বাবা-মা গার্মেন্টে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যান। পরবর্তীতে সকাল ১১টার দিকে মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে শিশুটির রুমে প্রবেশ করে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন।
শিশুটির মা জানান, অভিযুক্ত আনোয়ার ও তারা একই বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
তারা সকালে শিশুটিকে বাসায় রেখে নিজ নিজ কর্মস্থলে চলে যান। ঈদের কারণে পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের বেশিরভাগই গ্রামের বাড়িতে চলে যায়। ফলে বাড়িটি প্রায় ফাঁকা ছিল। সে সুযোগে তার মেয়েকে আনোয়ার ধর্ষণ করেন। শনিবার রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে মেয়ে তাকে ধর্ষণের বিস্তারিত ঘটনা খুলে বলে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, শুক্রবার (২২ মে) রাতে ফতুল্লায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।




