ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলা, চোখ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
রোববার (৬ জুলাই) ভোর ৬টায় পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, নিহত যুবকের পরনে ছিল কালো গেঞ্জি ও কালো ফুলপ্যান্ট। তার দুই হাত ও গলায় বাঁধার চিহ্ন রয়েছে এবং ডান চোখ আঘাতে ফুলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্যত্র হত্যা করে স্টেডিয়ামের সামনে ফেলে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, “মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে হত্যাকান্ডের কারণও জানা সম্ভব হবে।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।




