বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট এ দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সিফাত (১৯) নবীগঞ্জ উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে নবীগঞ্জ উত্তরপাড়ায় অভিযান চালিয়ে সিফাতকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি সুইসগিয়ার, একটি চাইনিজ কুড়াল, দুটি ধারালো ছুরি ও একটি ক্ষুর উদ্ধার করা হয়। তবে তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযান পরিচালনাকারী এসআই ইদ্রিস আলী বলেন, সিফাত এলাকায় সক্রিয় একটি ছিনতাইকারী সিন্ডিকেটের সদস্য। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, যেকোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অস্ত্র রাখার অভিযোগে আমি নিজে বাদী হয়ে সিফাতের বিরুদ্ধে মামলা করেছি। তার সহযোগীদেরও গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
পুলিশের দাবি, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় সন্ত্রাসী ও মাদকচক্র অনেকটাই দুর্বল হয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।




