নিজস্ব সংবাদদাতা /// নারায়ণগঞ্জ বন্দরে রাতের আঁধারে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেনের ফুটবল প্রতীকের ব্যানারে অগ্নিসংযোগ ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড বন্দর কদম রসুল কলেজ এলাকা থেকে নবীগঞ্জ পর্যন্ত এবং বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আলীনগর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টাঙানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এবং এর আগে ব্যানারে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ-৫ আসনের ফুটবল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন একটি অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন,নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বন্দর উপজেলা ও সিটি বিভিন্ন ইউনিয়নের সড়কের পাশে টাঙানো ফুটবল প্রতীকের ব্যানার ও ফেস্টুন পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে প্রচার মাইক বাজাতেও বাধা দেওয়া হচ্ছে।
এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া তিনি আরো বলেন, প্রতিপক্ষ প্রার্থীদের কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে এসব ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এই ন্যাক্কার জনক কাজ করছে।
তবে প্রতিপক্ষ প্রার্থীর এসব কর্মকাণ্ডে ফুটবলের বিজয়কে ঠেকাতে পারবে না বলেও তিনি দাবী করেন।




