নারায়ণগঞ্জের বন্দরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আশিক (১২) ও আরিয়ান (১০) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকার ইটখোলা পুকুরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু রাজধানী ঢাকার হাজারীবাগ ঝাউলাঠি চৌরাস্তা এলাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী খলিল মিয়ার ছেলে।
নিহতের মামাতো ভাই রোহান ও মাহিন জানান, আজ দুপুরে পরিবারসহ ফুফুর বাড়িতে বেড়াতে এসে বিকেলে ব্যাটমিন্টন খেলতে গিয়ে শরীরে বালু থাকায় তারা পুকুরে গোসল করতে নামে।
আশিক ও আরিয়ান সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে রোহান বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্থানীয়রা পুকুর থেকে সাড়ে ৫টায় আরিয়ানকে মৃত উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টায় আশিকের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, আজ বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করবে। বিনা ময়নাতদন্তে তাদের দাফন হবে বলে জানান তিনি।




