ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ তিন কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মাছিমপুর এলাকার সাদ্দাম, হৃদয় ও আকলিমা।
রূপগঞ্জের পূর্বাচল সেনাক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেনাবাহিনীর একটি দল মাছিমপুর এলাকার মাদক কারবারি সাব্বিরের বাড়িতে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে কয়েকটি বস্তায় রাখা ১২৩ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবসহ সাব্বিরের সহযোগী সাদ্দাম হোসেন, হৃদয় ও আকলিমাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার সকালে রূপগঞ্জ থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।




