আসন্ন ঈদে সড়ক ও নৌপথে কোনো বাড়তি ভাড়া নেওয়া যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। তিনি বলেন, কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শনিবার বেলা ১১টার দিকে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিতব্য নারায়ণগঞ্জ নদী বন্দরের মাছঘাট সংলগ্ন টার্মিনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। পরে তিনি খানপুরে আইসিটি ও বাল্ক টার্মিনাল এবং নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ পরিদর্শন করেন।
মন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। সেখানে যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। গতবারের তুলনায় এবার আরও বেশি তৎপরতা থাকবে বলে তিনি উল্লেখ করেন।
নৌ ও সড়কপথে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলে তা নিয়মিত মনিটরিং করা হয় এবং বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, কারণ এটি ফৌজদারি অপরাধ।
বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, লাইটার জাহাজে ভোগ্যপণ্য আটকে রেখে সংকট তৈরির চেষ্টা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে একটি লাইটার জাহাজে গম পাওয়া গেছে। নির্ধারিত সময়ে পণ্য খালাস না করে আটকে রাখার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী পাগলা নৌবাহিনী ইউনিট থেকে বিআইডব্লিউটিএর ভিআইপি বোটে নারায়ণগঞ্জ টার্মিনালে পৌঁছালে সংস্থাটির স্থানীয় কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতারা তাকে স্বাগত জানান।




