জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় তারা নামেন।
এদিন বিকেল সাড়ে ৪টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গঠিত এ রাজনৈতিক দল সারা দেশে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জেও এ আয়োজন করেছে।
এ পদযাত্রায় দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখসারির নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্থা শারমিনরা উপস্থিত হয়েছেন।
এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘নিতাইগঞ্জে মধ্যাহ্নভোজের পাশাপাশি জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সদস্য ও স্থানীয় দলিত সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সেখান থেকে পদযাত্রা শুরু হবে। যা এসে থামবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া চত্বরে।
বিজয়স্তম্ভের সামনে বিকেলে পথসমাবেশের আয়োজনও করা হয়েছে।




