নারায়ণগঞ্জ শহরে পূর্ব নির্ধারিত উচ্ছেদ অভিযানের আগেই ফুটপাত ছেড়ে গেছে হকাররা। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকেই শহরের চাষাড়া, কালিরবাজার ও এর আশপাশের এলাকাগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। চাষাড়া ও বঙ্গবন্ধু সড়ক এলাকায় দেখা যায়, ফুটপাতে নেই আগের সেই ভিড়।
পথচারীরা নির্বিঘ্নে চলাচল করছেন।
গতকাল রবিবার রাতের মধ্যেই অধিকাংশ হকার তাদের অস্থায়ী দোকান, টং ও ভাসমান স্টল সরিয়ে নেন বলে স্থানীয় সূত্র জানায়।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে হকার উচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই হকারদের মধ্যে চাপা উদ্বেগ দেখা দেয়। অভিযানের মুখোমুখি না হয়ে অনেকেই স্বেচ্ছায় ব্যবসা গুটিয়ে নিয়েছেন।
পথচারীরা জানান, দীর্ঘদিন পর ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন তারা। উত্তর চাষাড়া এলাকার বাসিন্দা শিহাব বলেন, ‘প্রতিদিন এখানে হাঁটা দায় হয়ে যেত। আজ এসে দেখলাম পুরো জায়গা খালি। এটা সত্যিই স্বস্তির।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আজ থেকে শহরের বঙ্গবন্ধু সড়কে কোনো হকার বসতে পারবে না। তবে হকারদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে নারায়ণগঞ্জের ভোটারদের অগ্রাধিকার দেওয়া হবে।’




