সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী, বিএনপি হতে সদ্য বহিস্কৃত বীর মুক্তিযোদ্ধ মুহাম্মদ গিয়াস উদ্দিনকে উদ্দেশ্য করে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেছেন, জিয়া পরিবার আপনাকে সম্মান দিয়েছিল, আপনাকে এমপি বানিয়েছিল। আজকে জিয়া পরিবারে শহীদ জিয়া নাই, বেগম খালেদা জিয়া নাই, তার এতিম সন্তান সারাদেশ ব্যাপী ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বেরাচ্ছে। আপনি সেই পরিবার থেকে দান-অনুদান গ্রহণ করে নিজেই একটা মার্কা লইয়া রাস্তায় রাস্তায় ভোট চাইতেছেন। কারণটা কি? আমরা জানতে চাই। এই কারণটার ব্যাখ্যা উনাকে দিতে হবে। ভোট চাওয়ার অধিকার সবার আছে, উনারও আছে।
রবিবার (৮ ফেব্রুয়ারী) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের বার্মাস্ট্যান্ড এলাকায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নির্দেশনায় বিএনপি নেতা ইরফান ভুইয়ার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম রবি বলেন, আমাদের প্রশ্ন হল, সারাজীবন আওয়ামীলীগ করেছেন এমপি হতে পারেন নাই। সারাজীবন আওয়ামীলীগ করে ৯৬ সালে আপনার নমিনেশন কাইটা দিয়া শামীম ওসমানকে দেওয়া হয়েছিল। তার পরে আপনি নমিনেশন পান নাই, সম্মান পান নাই, এলাকা ছেড়ে পালাইয়া বেড়াইছেন শামীম ওসমানের ভয়ে। এই বেগম জিয়া আপনাকে সম্মান দিয়েছে, নমিনেশন দিয়েছে, আমাদের মতো কর্মীরা, নির্যাতিত মানুষগুলি আপনাকে ভোটের মাঠে এনে ভোট দিয়ে আপনাকে এমপি বানিয়েছিলাম। তার প্রতিদানে আমরা কি পেয়েছি, এই দল আমরা এই দেশে প্রতিষ্ঠা করেছিলাম। আমি কামাল হোসেন, গাজী ইসমাইল। আজ আমার দুই বন্ধু যারা বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তারা আজকে কবরে শুয়ে আছে। এটাই আমরা পেয়েছি উপহার।
তিনি আরো বলেন, আমাদের প্রশ্ন আপনিতো আমাদের পরিবারটা ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। আমরা আনছিলাম আপনাকে পোষ মানাতে, আর আপনি আমাদেরকে নিয়ে বহিস্কার করাইয়া দিছেন। আপনি যারা বিএনপি করে, আপনি তো নিজেই আওয়ামীলীগ থেকে এসেছেন, বিএনপির কর্মী ওরা। তাদেরকে আজকে বহিস্কার করাইয়া দিছেন। তাদের রাজনীতি শেষ করে দিছেন। একটা আওয়ামীলীগকেও বিএনপি বানাইতে পারেন নাই। বিএনপির নেতাকর্মীদের নেতাকর্মীদেরকে জন্ম দিয়ে গেছে কামাল, গাজী, রবিরা। সেটার উপরে বসে আপনি সিংহাসন চালিয়েছেন। মসনদ চালিয়েছেন। আপনি স্বয়ং সম্পূর্ণ হয়েছেন। আজকে বিএনপির লোক দিগের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলেন। এটা আপনার শোভা পায় না। কারণ জোহার পোলা শামীম ওসমানও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপির সাথে পাঙ্গা লাগবেন না। বিএনপির সাথে পাঙ্গা নিয়ে শামীম ওসমানও বাঁচতে পারে নাই। এই দেশ থেকে পালাইয়া যাইতে হইছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর মৎসজীবি দলের আহ্বায়ক জহিরুল ইসলাম রতন, সিদ্ধিরগঞ্জ থানা তরুন দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ রাসেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমূখ।




