নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে মুন্সীগঞ্জে আধিপত্যের জেরে জোড়া খুনের মামলার প্রধান আসামিদের একজন অহিদ র্যাবের হাতে আটক হয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোররাত ৩টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ র্যাব–১১ তাকে আটক করে।
এ মামলার তদন্ত সূত্র জানায়, ১০ নভেম্বর ভোরে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে দখল–দারিত্বের পুরনো বিরোধ নতুন করে বিস্ফোরিত হয়। এ সময় অহিদসহ শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে আরিফ মীরের বাড়িতে হামলা চালায়।
সকালবেলা বাইরে দাঁড়িয়ে থাকা আরিফ মীর লক্ষ্যবস্তু হন প্রথমেই। গুলি তার বুক ভেদ করে এবং ঘটনাস্থলেই মারা যান। হামলাকারীরা এরপর ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে রায়হান খাঁর বাড়ির দিকে যায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা রায়হান খাঁও গুলিতে গুরুতর আহত হন।
তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরদিন দুপুরে তার মৃত্যু হয়। দুইজনের মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্র হয়।
সূত্র আরো জানায়, পরিস্থিতি বিবেচনায় র্যাব–১১ অভিযান শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর গভীর রাতে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে অহিদকে আটক করা হয়।
তার বয়স ৩৫ এবং বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার বড় মোল্লাকান্দি গ্রামে।
র্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অহিদকে মুন্সীগঞ্জ সদর থানার কাছে হস্তান্তর করা হয়েছে।




