সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক প্রবাসীর খামার থেকে চারটি গরু লুট করে নিয়ে় গেছে সশস্ত্র ডাকাত দল। খামারের পাশের আম্বর পাল্প অ্যান্ড পেপার মিলের নিরাপত্তা প্রহরীদের কুপিয়ে় আহত ও হাত পা বেঁধে ট্রাক দিয়ে় গরু চারটি নিয়ে গেছে। শনিবার (১০ জানুয়ারী) ভোর সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খামার মালিক আরিফ হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক।
আম্বর পেপার মিলের নিরাপত্তা প্রহরী রেজাউল করিম বলেন, আট সদস্যের সশস্ত্র একদল ডাকাত খামারটিতে হানা দেয়। ডাকাতরা প্রথমে আমাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে হাত পা বেঁধে ফেলে। পরে তারা খামার থেকে চারটি গরু লুট করে ট্রাক দিয়ে নিয়ে যায়। একই কথা বলেন আরেক নিরাপত্তা প্রহরী আবু বকর।
খামার মালিক আরিফ হোসেন বলেন, প্রবাস থেকে ফিরে এসে আমি মুদি দোকান দিয়ে ছিলাম। পরে স্বাবলম্বী হওয়ার আশায় চার বছর আগে গরুর খামার পরিচালনা করে আসছি। সারা বছর গরু লালন পালন করে ঈদুল আজহার সময় বিক্রি করি। লুট করে নিয়ে যাওয়া চারটি গরুর মূল্য ৭-৮ লাখ টাকা হবে বলে দাবি করেন আরিফ হোসেন। গরুগুলো লুট হওয়ায় তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন বলে মানসিকভাবে ভেঙে পড়েন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গরু লুটের ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গরুগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।




