সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড ডিএনডি খালপাড়ে সরকারি জায়াগায় বসা ফুটপাত দোকানে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিস্কৃত সাবেক এমপি গিয়াস উদ্দিনের লোকজনের বিরুদ্ধে। সোমবার (৬ জুলাই) বিকেলে হীরাঝিল এলাকায় সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকার করায় প্রকৌশলী আলাউদ্দিন ইকবার নেতৃত্বে শাহআলী, বাবু, রাশেদ, বুলবুলসহ ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ গত ৪ জুলাই শনিবার দুপুরে কাস্সাফ মার্কেটের পিছনে ডিএনডি খালপাড়ে গড়ে উঠা ফুটপাত দোকানে হামলা করে। এসময় তারা কয়েকটি দোকান ভাঙচুর ও কয়েকজন ব্যবসায়ীকে মারধর করে। চাঁদা না দিয়ে এখানে ব্যবসা করতে পারবে না বলে হুমকি দেয় হামলাকারীরা।
ব্যবসায়ী কামাল হোসেন বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কাস্সাফ মার্কেটের পিছনের ফুটপাত দোকান থেকে চাঁদা নিতেন সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে সানবির। প্রতি দোকান থেকে মাসে সাড়ে ৪ হাজার টাকা করে চাঁদা নিতেন গিয়াসপুত্র। গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে চাঁদা বন্ধ ছিল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা। আমরা কিছু গরীব মানুষ এখানে দোকানদারী করে সংসার চালাই। গত জুন মাসের মাঝা মাঝি থেকে গিয়াস উদ্দিনের ছেলে সানবির লোকজন পাঠাচ্ছে আগের নিয়মে চাঁদা দেওয়ার জন্য। আামরা ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানাই। তাই আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা এসব চাঁদাবাজদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাই।
এসময় উপস্থিত ছিলেন, ফল দোকানদার মোক্তার হোসেন, ই¯্রাফিল, হোসেন, খোরশেদ, কাপড়ের দোকানদার সুমন, বাবার, আল হেলাল, রাকিব, ইলেকট্রিক দোকানদার শরীফ, মশলার দোকানদার বিল্লাল, কাঁমাল ব্যবসায়ী নজরুল, ডিম দোকানদার আলম, নিরঞ্জন, খেলনার দোকানদার দুলাল, গোশতের দোকানদার জাহাঙ্গীর, কসমেটি´ দোকানদার উৎসব, চা দোকানদার মামুন ও মুরগির দোকানদার জাহাঙ্গীর ।




