নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে প্রবেশ করে কর্মকর্তা–কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় ডিপোতে কর্মরতদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে সিদ্ধিরগঞ্জে অবস্থিত পদ্মা অয়েল ডিপো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিপোর এক কর্মচারী জানান, কয়েকজন ব্যক্তি ডিপোতে প্রবেশ করে কর্মকর্তা–কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি দেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় সূত্রের দাবি, শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বিএনপি নেতা ওকিল উদ্দিন ভুঁইয়ার ভাতিজা সজীব ভুঁইয়া, ভাগনে ফয়সালসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি ডিপোতে প্রবেশ করেন। তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন, যাদের মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তিও ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, তারা ডিপোর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেন এবং কর্মকর্তা–কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি ও হুমকিমূলক আচরণ করেন। স্থানীয় সূত্র আরও দাবি করেছে, উপস্থিত ব্যক্তিদের মধ্যে আমির, গোলাম, পঞ্চবটির শ্রমিক লীগ নেতা পলাশের অনুসারী কয়েকজন এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আলামিনও ছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে পদ্মা অয়েল ডিপোর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার আমিনুল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
স্থানীয়দের ভাষ্য, পদ্মা অয়েল ডিপো একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কীভাবে বহিরাগতরা প্রবেশ করে কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে এ ধরনের আচরণ করতে পারলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।




