সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের দুই বন্ধুসহ অন্তত চারজন আহত হয়েছেন। বেপরোয়া গতির কারণেই এই দূর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বুধবার (৭ জানুয়ারী) দিবাগত রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ক্যানেলপাড়স্থ ১০ পাইপ কোবা মসজিদ এলাকায় এ ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে।
নিহত তরুণ রাতুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকার মো. ফারুকের ছেলে। আহতদের মধ্যে নিহতের দুই বন্ধু হাবিব ও বিজয়-এর নাম জানা গেছে। তবে অপর আহত দম্পতি ও তাদের শিশু সন্তানের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদার জানান, বেপরোয়া গতিই এই দূর্ঘটনার মূল কারণ।
নিহত রবির বন্ধু হাবিবুর রহমান জানান, তারা জালকুড়ির দিকে যাওয়ার পথে একসঙ্গে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত এবং তার বন্ধুরা দ্রুত গতিতে চালাচ্ছিল এবং অপর পাশ থেকে এক দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ফেরার পথে এই সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থলের সামনের দোকানি মিলন জানান, যে তরুণটি মারা গেছে, সে এবং তার আরেক বন্ধু পাল্লা দিয়ে খুব দ্রুত গতিতে আসছিল। একই সময় জালকুড়ির দিক থেকে একটি শিশুকে নিয়ে এক দম্পতি ফিরছিলেন। গতি বেশি থাকায় হয়তো মারা যাওয়া ছেলেটা কন্ট্রোল করতে পারেনি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সংঘর্ষ হওয়া দুটি মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে। অপর গাড়ির দম্পতির খোঁজ মেলেনি। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে আহত ও নিখোঁজদের পরিচয় জানার চেষ্টা করছি।




