ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মসজিদের ভেতরে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে ইয়ানবী (৩২) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো ভড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।
পরে রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয়। আটক ইয়ানবী বরাবো ভড়ভিটা এলাকার মনজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইয়ানবী মসজিদে প্রবেশ করে পবিত্র কোরআন শরিফের সঙ্গে অবমাননাকর আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা তাকে শনাক্ত করে।
এরপর তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, ইয়ানবী মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ। তবে তার মানসিক অসুস্থতার বিষয়টি যাচাইবাছাই সাপেক্ষ এবং এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বা বক্তব্য দেওয়া হয়নি।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, কোরআন অবমাননার অভিযোগে স্থানীয় লোকজনের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




