নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত মোঃ সাদ্দাম (৩৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কাফুরদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত সাদ্দাম হাবিবপুর এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ মোজাম্মেল হোসেন এবং মাতা মৃত আমেনা বেগম। পুলিশ জানায়, সাদ্দাম একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে বসতবাড়ি, মহাসড়ক ও বিভিন্ন মিল-কারখানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল।
ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, হত্যা, চুরি, মারামারি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও দ্রুত বিচার আইনে মোট ৩৪টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




