ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব। সরিষাবাড়ীর পোগলদিয়া এলাকায় গত সোমবার (১৩ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১১ ও র্যাব-১৪।
র্যাব জানায়, রুবেল মিয়া সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। গ্রেফতার অভিযানটি পরিচালনা করে র্যাব-১১-এর সদর কম্পানি (আদমজীনগর, নারায়ণগঞ্জ) ও র্যাব-১৪-এর সিপিসি-১ (জামালপুর)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী ২০০৮ সালে মারা যান। পরে ২০২২ সালে রুবেল মিয়ার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সুবাদে ভুক্তভোগী রুবেলের বাড়িতে যাওয়া-আসা শুরু করেন।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রুবেল তার কাছ থেকে নানা অজুহাতে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা নেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
রুবেল সোনারগাঁও থানার ঘোলপাড়া এলাকায় গত রবিবার (১২ অক্টোবর) রাতে নিজের ঘরে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর তাকে ঘরে তালাবন্দি রেখে পালিয়ে যান। পরদিন ভোরে রুবেল আবার ফিরে এসে ভুক্তভোগী হত্যার হুমকি দিয়ে ভয় দেখায়।
আজ সকালে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে ওই নারী নিজেই সোনারগাঁও থানায় মামলা করেন। মামলা করার পর থেকেই রুবেল পলাতক ছিলেন।
র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেখান থেকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।



