নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. আমিনুল ইসলামকে সভাপতি ও মাহমুদা আক্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও আবু ইসলামকে সিনিয়র সহ-সভাপতি ও মাহমুদা আক্তার মিতুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে ৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।
নতুন কমিটির সভাপতি আমিনুল ইসলাম জানান, আমাকে কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব নেতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি।
উল্লেখ্য, দীর্ঘ ২৭ বছর পর সোনারগাঁ সরকারি কলেজে ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। যদিও এর আগে আহ্বায়ক কমিটি দিয়ে দলের কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।



