ষ্টাফ রিপোর্টার:
২৪’র জুলাইয়ে দেশের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে হাজারো মানুষের ঢল।
৫ই আগষ্ট মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসটি উপলক্ষে সকাল ৯টায় শহরের হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সরকারী ছুটি থাকায় সকাল থেকেই জেলার সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু করে। জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজনৈতিক দলগুলো ছিলো রাজপথে সরব। নানা ব্যানারে কর্মী-সমর্থক নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে দেখা গেছে বিভিন্ন দলের আনন্দ মিছিল-র্যালী।
এদিন সকাল থেকেই ২৪’র জুলাই শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন একে একে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি অফিস, দপ্তর, স্কুল, কলেজ ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷
এসময় মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন,আমরা সেই রাষ্ট্র বাস্তবায়ন করতে চাই যেখানে কোন বৈষম্য থাকবে না। যেখানে কারো কোন অধিকার হরণ হবে না, যেখানে আইনের সুষ্ঠু প্রয়োগ হবে, যেখানে সবকিছুতে নিরপেক্ষ থাকবে এবং সব কিছু চলবে নির্দিষ্ট গতিতে।আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা আজকে প্রথম সেই গণঅভ্যুত্থানের ৫ আগষ্ট ২০২৫ সাল উদযাপন করলাম এবং ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করলাম।




