সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ ঈদগা সংলগ্ন এলাকায় বোনের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে ইসরাত জাহান রুবাইয়া (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ৩টার দিকে বাড়ির পার্শ্ববর্তী বিলে পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।
মৃত ইসরাত জাহান রুবাইয়া সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ গ্রামের মৃত আক্তার হোসেনের মেয়ে ও সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইসরাত জাহান রুবাইয়া তার বড় বোন ইভা আক্তারের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী বিলের পানিতে সাঁতার শিখতে যায়। সেখানে দীর্ঘক্ষণ সাঁতার শেখার পর তার বড় বোন ইভা আক্তার তাকে একা রেখে বাড়িতে চলে যায়। একপর্যায়ে স্কুলছাত্রী একা একা পানিতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায়। এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর বিকাল পৌনে ৪টার দিকে বিলের পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, পানিতে তলিয়ে শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনা শুনেছি। এ বিষয়ে নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ নেই।



