সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, দল যত বড়, নেতাকর্মী ততবেশী। যতবেশী নেতাকর্মী, ততবেশী প্রতিযোগিতা, নেতৃত্ব বিকাশের প্রতিযোগিতা। অতি অল্পসময়ের মধ্যে দেখবেন আমাদেরকে এক মঞ্চে। আমরা সবাই এক হয়ে ধানের শীষের নির্বাচন করব। আর পৃথক ভাবে আমাদেরকে দেখবেন না যে, আমরা আলাদা আলাদা কাজ করছি। এই নির্দেশ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
সোমবার (২০ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
এসময় তিনি বলেন, নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকবে কিন্তু দলের জন্য থাকবে ঐক্য। দলে ঐক্য যদি না থাকে তাহলে কোন লড়াই-সংগ্রামে, আন্দোলনে কিংবা নির্বাচনে বিজয় লাভ করা সম্ভব নয়। সে জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ্য থেকে ইতিমধ্যে নির্দেশ চলে এসেছে। ৩০০টি নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত এবং জোটের প্রার্থীরা অংশগ্রহণ করবে। নির্দেশনা হচ্ছে যারা এতদিন আমরা প্রার্থী হওয়ার জন্য প্রতিযোগিতা করেছি তারা ঐক্যবদ্ধ হয়ে একক ব্যাক্তি, যাকে দল থেকে মনোনয়ন দেয়া হবে তার জন্য কাজ করতে হবে। যদি এর বাইরে আমরা কেই যাই দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অচিরেই দেখবেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত ব্যক্তি, ধানের শীষের পক্ষে কাজ করব।
নাসিক ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামান মির্জার সঞ্চালনায় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, ডিএইচ বাবুল, এ্যাড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য শামীম আহমেদ ঢালী, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুু, এ্যাডঃ হাবিবুর রহমান মাসুম, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম সরল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, প্রমূখ।




