এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে মজুদকৃত ১০৬ বস্তা ( ডিএপি -৪০ বস্তা ও এমওপি -৬৬ ) সার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মোশারফ হোসেন বাবু নামে এক ব্যক্তির বাড়ি থেকে সারগুলো জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সারগুলো জব্দ করেন। এসময় মোশাররফ হোসেন বাবুকে বাড়িতে পাওয়া যায়নি। মোশাররফ হোসেন বাবু ভায়াডাঙ্গা বাজারের কীটনাশক ব্যবসায়ী। পরে উপজেলা নির্বাহী অফিসার জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দের হেফাজতে রাখেন এবং নিয়মিত মামলা করার জন্য বলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ডিলারদের কাছ থেকে সরকারি সারগুলো সংগ্রহ করে বাড়িতে মজুদ করেন ভায়াডাঙ্গা বাজারের কীটনাশক ব্যবসায়ী মোশারফ হোসেন বাবু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার মজুদের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এই অভিযান পরিচালানো করেন । মূলত কৃষকদের কাছে বেশি দামে বিক্রির উদ্দেশেই সারগুলো মজুদ করা হয়েছিল।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মাহমুদুল হাসান আকন্দ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন খন্দকার, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসান, রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ সোহাগ, প্যানেল চেয়ারম্যান সুজা সহ স্থানীয় এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীরা। এব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার মনীষা আহমেদ বলেন, গোপন সংবাদে খবর পেয়ে অভিযন পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে মজুতকৃত ১০৬ বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তা জিম্বায় রাখা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মাহমুদুল হাসান আকন্দ বলেন, ভায়াডাঙ্গা বাজারের কীটনাশক ব্যবসায়ী মোশাররফ হোসেন বাবুকে নামীয় এবং অজ্ঞাত আরও কয়েকজন কে আসামি করে ভায়াডাঙ্গা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা হাসান বিন্নাদ শহীদ বাদী হয়ে বুধবার ৫ নভেম্বর বিকেলে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওসি ( তদন্ত ) মো: আবদুল লতিফ মিয়া বলেন, এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।




