ষ্টাফ রিপোর্টার:
আওয়ামী দোসর হিসেবে সুপরিচিত ফতুল্লার এনায়েতনগরের শাকিল ব্যাপারীকে পাশে রেখেই আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা শরিফ হোসেন মানিককে। এ ঘটনায় এনায়েতনগর এলাকায় ব্যাপক হাস্যরসের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তথ্যমতে, গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ফতুল্লার এনায়েতনগরে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি মিছিল করেন যুবদল নেতা শরিফ হোসেন মানিক। তবে মিছিলের একেবারে সামনে, মানিকের পাশেই অবস্থান করতে দেখা যায় আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত স্থানীয় বাসিন্দা শাকিল ব্যাপারীকে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী সন্ত্রাসীদের শাসনামলে শাকিল ব্যাপারী ছিলেন বহুল আলোচিত নাম। তিনি গডফাদার হিসেবে পরিচিত শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান আসাদুজ্জামানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি শেখ হাসিনার ছবি ব্যবহার করে ধর্মগঞ্জ গুদারা ঘাট ও এর আশপাশের এলাকা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কৌশলে নিজের অবস্থান বদলে নেন শাকিল ব্যাপারী। তিনি তার নিয়ন্ত্রণাধীন ঘাট এলাকা থেকে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে থাকা ব্যানার সরিয়ে সেখানে যুবদল নেতাদের ছবি ব্যবহার করে নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। একই কায়দায় পূর্বের মতো ঘাটসহ বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছেন বলেও অভিযোগ এলাকাবাসীর। এমন অবস্থায় সেই শাকিল ব্যাপারীকে পাশে রেখেই আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে দেখা যায় যুবদল নেতা শরিফ হোসেন মানিককে, যা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। নেতাকর্মীদের ভাষ্য, বিএনপিতে যোগ্য ও ত্যাগী বহু নেতাকর্মী থাকা সত্ত্বেও তাদের বাদ দিয়ে আওয়ামী দোসরকে সামনে রেখে মিছিল করা অত্যন্ত দৃষ্টিকটু ও প্রশ্নবিদ্ধ।
এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, ‘ডেভিল হান্ট’সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কঠোর অভিযান চলমান থাকলেও শাকিল ব্যাপারীর মতো বিতর্কিত ব্যক্তি কীভাবে প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে, তা তাদের কাছে বোধগম্য নয়।
এ বিষয়ে আওয়ামী ডেভিল শাকিল ব্যাপারীর বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা প্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ।




