প্রেস বিজ্ঞপ্তি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি-সাধারন সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম.রফিকুল্লাহ রিপন ও সাধারন সম্পাদক মনিকা আক্তার বলেন, “বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিচ্ছেদ্য নাম। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর রাষ্ট্র পরিচালনা এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা এদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও একজন জ্যেষ্ঠ নারী রাজনীতিবিদ হিসেবে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় তাঁর যে অদম্য মানসিকতা, তা অনস্বীকার্য।”
তারা আরও বলেন, “দীর্ঘদিন কারাবরণ ও অসুস্থতার মধ্য দিয়ে তাঁকে জীবনের শেষ সময়গুলো পার করতে হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো, তা দীর্ঘকাল পর্যন্ত অনুভূত হবে। শোকের এই মুহূর্তে আমরা একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাই।”
পাশাপাশি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাকে সমাহিত করা হয়।




