নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। তবে শেষ মুহূর্তে সাঁতরে ১৩ জন শ্রমিক প্রাণে বেঁচে গেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ট্রলারটি সকালে কেরানীগঞ্জ থানার জাজিরা এলাকা থেকে ইট নিয়ে কুমিল্লার হোমনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। বক্তাবলী ফেরিঘাটের কাছে পৌঁছনোর পরই নদীর তীরবর্তী এলাকায় ট্রলারটি ডুবতে শুরু করে। ওই সময় ট্রলারে থাকা ১৩ জন নারী ও পুরুষ শ্রমিক দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতার কেটে তীরে উঠে আসেন। খবর পেয়ে বক্তাবলী নৌ ফাঁড়ি ও ফতুল্লা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
বক্তাবলি নৌ পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান জানান, শ্রমিকরা সময়মতো নদীতে ঝাঁপিয়ে পড়ায় সবাই প্রাণে বেঁচে গেছেন। এখন পর্যন্ত কেউ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। ধারণক্ষমতার চেয়ে বেশি ইট বোঝাই করার কারণেই ট্রলারটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




