আন্তর্জাতিক নারী দিবস স্মরণে নারীর মর্যাদা ও সমানাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করা এবং নারীর উপর সকল প্রকার বৈষম্য, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ–গণধর্ষণ ও হত্যা বন্ধে আইনের যথাযথ প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
রোববার (৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি জয় হাসান এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সদস্য আইরিন নাহারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা।
বক্তব্যে সভাপতি জয় হাসান বলেন, “ফ্রান্সের প্যারি কমিউন, ফরাসি বিপ্লব, যুক্তরাষ্ট্রের শ্রমিক আন্দোলনসহ ভারত উপমহাদেশে ব্রিটিশবিরোধী সংগ্রাম, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে নারীরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। কিন্তু কাক্সিক্ষত লক্ষ্য নারী সমাজ আজও অর্জন করতে পারেনি। বাংলাদেশসহ পৃথিবীর সর্বত্র নারীরা এখনও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।”
সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা বলেন, “পৃথিবীতে নারী–পুরুষের সংখ্যানুপাত প্রায় সমান হলেও পৃথিবীর মোট সম্পদের একশ ভাগের মাত্র এক ভাগের মালিক নারী। বাংলাদেশের সংবিধান, আইন ও সম্পদের ক্ষেত্রে নারীর প্রকৃত সমঅধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। পৃথিবীর সর্বত্র যেমন নারী সহিংসতার শিকার, বাংলাদেশেও নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।”
বক্তারা সারাদেশে চলমান নারী ও শিশু ধর্ষণের বিচার নিশ্চিত করা, জেলার ক্যাম্পাসগুলোতে নারী নিপীড়ন বিরোধী সেল গঠন করা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনটি একটি গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয়।




