এজেএম আহছানুজ্জামান ফিরোজ শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (২ মে) বিকালে শ্রীবরদী আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ঘেষনা করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন শেরপুরের শ্রীবরদীতে ছাত্র- ছাত্রীদের খেলাধূলা করার মতো কোনো মাঠ নেই। বর্তমান সরকার পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় আগ্রহী হতে প্রত্যেক ইউনিয়ন ও বিদ্যালয়ে খেলার মাঠ তৈরির কাজ হাতে নিয়েছে। শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মঞ্জরুল ইসলাম জুয়েল । এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব এসএম সোহান, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আবু রায়হান মো. আলবেরুনী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নূরন নবীসহ সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও ফুটবলপ্রেমি লোকজন উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দর্শক ও খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেছেন ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম।
উল্লেখ্য, ফাইনাল খেলায় বালিকা পর্যায়ে ট্রাইবেকারে ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উত্তর শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এবং বালক পর্যায়ে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর – ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলের হাতে ট্রফি তুলে দেন।




