নাসিক ১নং ওয়ার্ডে ঝটিকা মিছিল
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের পূর্নবাসনকারী সন্ত্রাসী কথিত যুবদল নেতা পরিচয়দানকারী রুহুল আমিন ভোলার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির সাথে আতাঁত করে নাসিক ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আয়োজন করে দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির সাথে নারায়ণগঞ্জ জেলা কোর্ট হাজতে একান্ত সাক্ষাৎ করেন সন্ত্রাসী রুহুল আমিন ভোলা। এরপরই রবিবার নাসিক ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।অনুসন্ধানে জানা যায়, সিদ্ধিরগঞ্জের আলোচিত ত্রাস পানি আকতার বাহিনীর সকল সন্ত্রাসী এখন রুহুল আমিন বাহিনীর সদস্য। নাসিক ১নং ওয়ার্ডের ঝটিকা মিছিলে রুহুলের নির্দেশনায় মুখে মাস্ক পড়ে অংশ নেয় পানি আকতার বাহিনী। এদিকে শীর্ষ সন্ত্রাসী মতিউর রহমান মতির সাথে আতাঁত ও পানি আকতার বাহিনীকে নিয়ে সিদ্ধিরগঞ্জে বিএনপিকে বেকায়দায় ফেলতে চাচ্ছে রুহুল আমিন ভোলা বলে জানিয়েছেন বিএনপির একাধিক মহল। তারা জানান, রুহুল আমিন ভোলা মূলত মতির সহযোগী। সে নামেমাত্র লেবাসে বিএনপি। শোনা যাচ্ছে মতি শীঘ্রই জেল হাজত থেকে জামিনে বের হবে। আওয়ামী লীগের ১৭ বছরে মতির সাথেই আতাত করে রাজনীতি করেছে রুহুল। মতি ও পানি আকতারের সকল লোককে শেল্টার দিচ্ছে রুহুল আমিন ভোলা। তার বিরুদ্ধে এখনই সাংগঠনিক ব্যবস্থা না নিলে দলের জন্য অপূরনীয় ক্ষতি হয়ে যেতে পারে। এমতাবস্থায় তারা নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের হস্তক্ষেপ কামনা করেছেন। রুহুলের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামক একটি গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও মতির সহযোগী রুহুল আমিনের সহযোগীদের মধ্যে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। তখন রুহুল আমিনের সহযোগীরা ইপিজেডের ভেতরেই সাগরের লোকদের কুপিয়ে জখম করে। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়।




