নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে নির্যাতন চালিয়ে ফয়জুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হাসপাতালে মরদেহ ফেলে মাদক নিরাময়কেন্দ্রটিতে তালা দিয়ে কর্তৃপক্ষ পালিয়ে গেছে।
বুধবার (৩ জুন) রাত ১০টায় উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রিন মাদক নিরাময়কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুল উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।
নিহতের স্ত্রী মাসুদা বেগম জানান, তার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রিন মাদক নিরাময়কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পর দিন তাকে খাবার দিয়ে যান।
বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন তার স্বামী নিরাময় কেন্দ্রে মৃত অবস্থায় পড়ে আছেন। এখানের লোকজনের নির্যাতনেই তার স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, এ ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতনেই মৃত্যু হয়েছে। মরদেহের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।



