নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পেন গান ও এর একটি খালি খোসা উদ্ধার করেছে র্যাব–১১।
রোববার (১৪ জুন) রাত ১টায় সদর উপজেলার নয়ামাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব–১১ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে ফতুল্লা নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকের একটি স্পটে কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপ থেকে একটি পেন গান ও এর একটি খালি খোসা উদ্ধার করেন র্যাব ১১।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা পেন গান ও তার খালি খোসা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব–১১ আরও জানিয়েছে, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।




