এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
ভিটামিন ‘এ’ খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহতিকরণ ও পরিকল্পানা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পাইন অবহতিকরণ ও পরিকল্পানা সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মাদ মফিদুল ইসলাম। এসময় তিনি বলেন, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে ২৪০ টি অস্থায়ী কেন্দ্র ও ১ টি স্থায়ী কেন্দ্রে (৬- ১১) মাস বয়সী ৪ হাজার ৪ শত ২২ জন শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং (১২-৫৯) বয়সী ৩২ হাজার ৯ শত ৮৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ২৮ জুন সকালে শ্রীবরদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্র থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ইনচার্জ মোনতাসির আহমেদ লিয়াজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.সামান্তা ফেরদৌস প্রমূখ ।
অবহিতকরণ সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.অমিও জ্যোতি সাইফুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, হাসপাতালের সদ্য যোগদানকৃত ডেন্টাল সার্জন ডা. মোঃ কামরুল ইসলাম,মেডিকেল অফিসার ডাক্তার সাব্বির হাছান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, নার্সিং সুপার ভাইজার রহিমা বেগমসহ হাসপাতালে কর্মরত কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।




