লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
বেতন ও ভাতা বৃদ্ধি এবং শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দুই দফা দাবিতে সারাদেশের ন্যায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন জামালপুরে শাখা ডাকঘরের কর্মচারীরা।
বৃহস্পতিবার(৯ জুলাই) জামালপুর শহরের বকুলতলাস্থ প্রধান ডাকঘরের সামনে জেলার সকল শাখার ডাকঘর কর্মচারী ব্যানারে, এই ধর্মঘট কর্মসূচি পালিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম শাহীন, জেলা কমিটির সহ-সভাপতি আশরাফ ফারুকী আজিজ, সাংগঠনিক সম্পাদক বিপুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ও সুজন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি রেখে বেতন ও ভাতা বৃদ্ধি করা এবং শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবী জানান।
কর্মচারীরা বলেন,দীর্ঘদিন ধরে স্বল্প বেতনে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তাদের বেতন মোটে ৪,১০০ টাকা, যার মধ্য থেকে আবার ৫০০ টাকা কেটে রাখা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। অথচ বিভাগীয় পর্যায়ে বেতন কাঠামো ও অন্যান্য ভাতা অনেক বেশি। সমান শ্রম দিয়েও তারা দিনের পর দিন চরম বৈষম্যের শিকার হচ্ছেন। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ৬জুন থেকে সারাদেশে পালিত এই কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।




