ষ্টাফ রিপোর্টার:
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও মানবতাবাদী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জ সদরের কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “নজরুল বর্ষ” উপলক্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে “জীবন মানবতার জাগরণ” শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা হয়। বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি ছিলেন মানবতা, সাম্য ও ন্যায়ের প্রতীক। তার বিদ্রোহী চেতনা ও মানবতাবাদ আমাদের আজও পথ দেখায়। শিশুদের ছোটবেলা থেকেই নজরুলের আদর্শে গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের বিকাশই একজন শিক্ষার্থীর প্রকৃত অর্জন।”
তিনি আরও বলেন, “কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা তাদের ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা যোগাবে। লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা জাতি গঠনে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে। “চল চল চল, “কারার ঐ লৌহ কপাট”সহ নজরুলের গানে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, নজরুলের জীবন ও কর্ম থেকে শিক্ষার্থীরা যেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও মানবতার কল্যাণে কাজ করার প্রেরণা পায় সেজন্যই এ আয়োজন।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের ফুল ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়।এবং সদর উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।




