ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুট ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্রের কারবার, কিশোর গ্যাং পরিচালনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি মো. মিঠু ওরফে ‘তইয়া মিঠু’কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লার শিবু মার্কেটের ল্যামাপাড়া দরগাহ বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফতুল্লার বিভিন্ন এলাকায় মিঠুর বিরুদ্ধে প্রভাব বিস্তার করে জুট ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক কারবার, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।
রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের পর তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের আরও জানা যায়, ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সুযোগে মিঠু রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিএনপির সঙ্গে সম্পৃক্ত হন এবং স্থানীয় কয়েকজন নেতার আশ্রয়-প্রশ্রয়ে আবারও এলাকায় সক্রিয় হয়ে ওঠেন।
এই শীর্ষ সন্ত্রাসী যুবলীগ ক্যাডার মিঠুর বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা এস কে শাহিনের অফিস ভাঙচুরের অভিযোগে করা মামলায়ও তার নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শিবু মার্কেট এলাকায় জুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলাতেও মিঠু ও তার ভাই আলমকে আসামি করা হয়েছে।
পাশাপাশি অস্ত্র, মাদক ও মারামারির অভিযোগে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে বলেও একাধিক সূত্রে জানা যায়।
ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহবুব আলম জানান, গ্রেফতার মিঠুর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।




