এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে কালু মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ৭:৩০ ঘটিকায় উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া ললিয়ারপাড় এলাকায় আবুল কাসেম এর মাছের প্রজেক্ট (পুকুর) হতে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক কুড়িকাহনিয়া দক্ষিণ পাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রবিবার সকালে কালু মিয়া ও তার বন্ধু বাদশা মিয়া বাড়ি থেকে বের হয়ে যায়।রাতে বাদশা মিয়া বাড়িতে ফিরে আসলেও নিহত কালু মিয়া বাড়িতে ফিরে আসেনি। ২১ সেপ্টেম্বর সোমবার সকালে নিহতের পরিবার বাদশা মিয়াকে সাথে নিয়ে খোঁজাখোঁজি করতে থাকে। এক পর্যায়ে কুড়িকাহনিয়া ইউনিয়নের ললিয়ারপাড় গ্রামের আবুল কাসেম এর মাছের প্রজেক্টে (পুকুর) কালু মিয়ার লাশ দেখতে পাওয়া যায় । খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।
সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান – আল- আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্দেহভাজন হিসেবে কালু মিয়ার বন্ধু বাদশাহ মিয়াকে আটক করেছে থানা পুলিশ । বাদশাহ মিয়া একই গ্রামের কমল উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




