ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় মাছের বাজারে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। এ সময় মাছ বিক্রির দায়ে আব্দুছ সালাম (৬০) নামের এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারীফ আল তাওহীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভূঁইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছেÑএমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে একটি মাছের দোকান থেকে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে মাছ বিক্রেতা আব্দুছ সালামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ। জব্দ করা মাছগুলো পরে একটি এতিমখানায় বিতরণ করা হয়।
মো. আসাদুজ্জামান আসাদ বলেন, পিরানহা মাছ দেশীয় জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। বাংলাদেশে এ মাছের চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ মাছের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




