ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রামনগর দক্ষিণপাড়া গ্রামের চিহ্নিত মাদক সম্রাট স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ হোসেনের ইয়াবার ব্যবসা জমজমাট ভাবে চললেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
জানা যায়,বক্তাবলী রামনগর দক্ষিণপাড়া গ্রামের সোনা মিয়া সরদারের বাড়ি সংলগ্ন , মোঃ মোহাম্মদ হোসেন দীর্ঘদিন যাবত রামনগর, লক্ষীনগর, গংগানগর, রাজাপুর, কানাইনগর,ডিক্রীরচর, মুক্তারকান্দি সহ বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে।
মোহাম্মদ হোসেন বক্তাবলী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি হিসেবে রয়েছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে।
জানা যায় এই পরিচয় কে ব্যাপকভাবে ব্যবহার করে সব সময় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে।
ইতিপূর্বে একবার ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ে প্রায় ২ মাস কারাগারে থাকলেও দুই মাস পর জামিনে বের হয়ে আসে। তারপর থেকে আরো বেশি মাত্রায় ইয়াবা বিক্রি করে কিশোর, যুব সমাজসহ সর্ব পেশার মানুষকে মাদক সেবনের দিকে নিয়ে যাচ্ছে।
এতে করে পরিবারে অশান্তি ও সামাজিক অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা জানিয়েছেন, মোহাম্মদ হোসেন বক্তাবলী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন ও পরিচয় দিয়ে থাকে। এই কারণে ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না।
কেউ প্রতিবাদ করলে তাকে দলীয় প্রভাব বিস্তার করে হয়রানি করে থাকে বলে অভিযোগ রয়েছে।
অবিলম্বে রামনগরের চিহ্নিত মাদক সম্রাট মোহাম্মদ হোসেনকে গ্রেফতার করে যুবসমাজকে রক্ষা ও যুবদল থেকে বহিস্কার করে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান বিএনপির ত্যাগী নেতাকর্মী সহ সচেতন এলাকাবাসী।
বক্তাবলী ইউনিয়ন যুবদলের ৬নং ওয়ার্ড সভাপতি মোকলেস হাসান বলেন, মোহাম্মদ হোসেন একজন মাদক ব্যবসায়ী।এ রকম লোক কি করে সহ সভাপতি হলো এমন প্রশ্নের জবাবে বলেন,ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম প্রধানের নিকট কমিটির ফাইল। আমাদের কাছে থাকলে দেখে বলতে পারতাম।
এ ব্যাপারে বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন, মোহাম্মদ হোসেনকে আমি তাকে চিনিনা,জানিনা।আমার সাথে কোন মিছিল মিটিংয়ে গেছে।দেখছেন আপনি।তার ছবি থাকলে পাঠান দেখি।
বক্তাবলী ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম প্রধান বলেন,এই কমিটি ২০২১ সালে দেয়া হয়েছিল। হাসান আলী ভাই তখন দায়িত্বে ছিলেন।আমরা এই ছেলেকে কমিটিতে রেখেছি কিনা মনে নাই।




