ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মনির হোসেন বন্দরের কুড়িপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুলাই বন্দরের একটি ভাড়া বাসায় ১০ বছরের শিশুটিকে ধর্ষণ করেন মনির হোসেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, ২০২২ সালের ওই ঘটনায় দায়ের করা মামলায় আদালত আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।




